logo
খবর

লিবিয়ায় ২৩ লাশ উদ্ধার, বাবার অজান্তে অবৈধ পথে বিদেশযাত্রা করা ছেলের মৃত্যুতে নির্বাক পরিবার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ ফেব্রুয়ারি ২০২৫
Copied!
লিবিয়ায় ২৩ লাশ উদ্ধার, বাবার অজান্তে অবৈধ পথে বিদেশযাত্রা করা ছেলের মৃত্যুতে নির্বাক পরিবার
বাবার অজান্তে অবৈধ পথে বিদেশে পাড়ি জমান একমাত্র ছেলে সুজন ফরাজী। ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ছেলেকে হারিয়ে বাবার আহাজারি। মাদারীপুর সদর উপজেলার পূর্ব ঘটমাঝি এলাকায়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি ২০২৫) সকালে। ছবি: প্রথম আলো

ইতালি গিয়ে স্বপ্নপূরণ করতে চেয়েছিলেন সুজন ফরাজী। বৈধ পথে সুযোগ না পেয়ে অবৈধভাবে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু সুজনের সিদ্ধান্তে পরিবারের অন্য সদস্যরা সম্মতি দিলেও ঝুঁকি নিতে রাজি হননি বাবা মিরাজুল ইসলাম। এ নিয়ে বাবা-ছেলের মধ্যে কয়েক দফা বাগ্‌বিতণ্ডাও হয়। একপর্যায়ে বাবাকে কিছু না জানিয়ে দালালের সহযোগিতায় লিবিয়া চলে যান সুজন।

খবর প্রথম আলোর।

সম্প্রতি ভূমধ্যসাগরে নৌযান ডুবে লিবিয়া উপকূলে ভেসে আসা ২৩টি লাশের মধ্যে সুজন ফরাজীর লাশও আছে। সুজনের মৃত্যুর বিষয়টি আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে প্রথম আলোকে নিশ্চিত করেন বাবা মিরাজুল ইসলাম। তাঁদের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের পূর্ব ঘটমাঝি এলাকায়।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, লিবিয়া থেকে নৌযানে করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করেছিলেন একদল অভিবাসনপ্রত্যাশী। ৫৬ জন আরোহী নিয়ে নৌযানটি ২৫ জানুয়ারি ভূমধ্যসাগরে ডুবে যায়। এরপর ২৮–৩১ জানুয়ারির মধ্যে ২৩টি লাশ সৈকতে ভেসে আসে। গলিত লাশগুলোর পরিচয় নিশ্চিত না হওয়া গেলেও স্থানীয় সূত্রের বরাতে দূতাবাস বলছে, তাদের প্রায় সবাই বাংলাদেশি।

সুজনের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, দালালের প্রলোভনে পড়ে ২০২৪ সালের নভেম্বর মাসের শেষের দিকে ইতালির উদ্দেশে বাড়ি ছাড়েন সুজন। প্রথমে ঢাকা থেকে দুবাইয়ে যান। সেখানে কয়েক দিন থেকে লিবিয়ায় যান। এরপর তাকে লিবিয়ার বেনগাজি শহরের একটি বন্দিশালায় রাখা হয়। গত ২৪ জানুয়ারি লিবিয়ার উপকূল থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশে যাত্রা করেন সুজনসহ অভিবাসনপ্রত্যাশীরা। কিন্তু ইতালি পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়।

মঙ্গলবার দুপুরে পূর্ব ঘটমাঝি এলাকায় সুজনের বাড়িতে গিয়ে দেখা যায়, মানুষের ভিড়। সবার মুখে সুজনের কথা। বাড়ির সামনে একটি প্লাস্টিকের চেয়ারে বসে বুক চাপড়ে কান্নাকাটি করছেন বাবা মিরাজুল ইসলাম। পাশেই সুজনের খালারাও কান্না করছেন। প্রতিবেশীরা তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।

জানতে চাইলে মিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই বিদাশ বিদাশ কইরা ৩ মাস ধরে বাবা-ছেলের রাগারাগি। বাড়ির লোক আমারে বলছে, সুজন ওর ফুফুর বাড়িতে আছে। তাই দুশ্চিন্তায় ছিলাম না। পরে ২৫ জানুয়ারি জানতে পারি, ফুফুর কাছ থেকে ১৫ লাখ টাকা লইয়া সুজন লিবিয়া গেছে। তখন থিকাই আমার মনে ভয়। আমার একমাত্র পোলা। আমি আগে জানলে ওরে কাইট্টা গাঙ্গে ভাসাইয়া দিতাম। তবু অবৈধ পথে সাগর পাড়ি দিয়া বিদাশ যাইতে দিতাম না। পোলারে নিয়ে আমার সব স্বপ্ন শ্যাষ হইয়া গেল।’

সুজনের মা ২০০৩ সালে মারা যান। এরপর থেকে সুজনের বাবাই তাঁকে লালন–পালন করে বড় করেছেন। স্থানীয় একটি কলেজ থেকে সুজন উচ্চমাধ্যমিক শেষ করে কয়েক দিন ইজিবাইক চালিয়ে বাবাকে সহযোগিতা করেছেন।

সুজনের চাচি শিউলি বেগম প্রথম আলোকে বলেন, ‘বাবা যাইতে দিতে না চাইলেও সুজন ফুফুগো হাত-পা ধইরা কান্নাকাটি কইরা কইত আমারে বিদাশ পাঠান। মা মরা পোলাডার মায়ায় পইড়া ওর এক ফুফু টাকা দিয়ে ওরে পাঠানোর ব্যবস্থা করেন। এখন দুর্ঘটনায় সুজন মারা গেছে। এ জন্য যে দালাল ওরে এভাবে ঝুঁকি নিয়ে পাঠাইছে, আমরা তার বিচার চাই।’

খোঁজ নিয়ে জানা গেছে, লিবিয়া হয়ে ইতালি নেওয়ার দালাল মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি এলাকার হায়দার শেখের ছেলে মনির শেখ। তিনি সুজনের কাছ থেকে ১৫ লাখ টাকায় ইতালি নেওয়ার চুক্তি করেন। এ বিষয়ে কথা বলতে দালাল মনির শেখের বাড়িতে গেলে ঘর তালাবদ্ধ দেখা যায়। মুঠোফোনেও একাধিকবার কল দিলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

মনিরের প্রতিবেশী টুটুল মিয়া প্রথম আলোকে বলেন, ‘মনিরের মাফিয়া সংযোগ খুবই শক্তিশালী। বহু যুবককে ইতালি পাঠানোর কাজ সফলভাবে করে বিশ্বাস অর্জন করেছে। এই কাজ করে বহু টাকাও উপার্জন করেছে। তবে মনির সম্প্রতি কয়েকটি ঘটনায় ওর নাম আসায় পলাতক। তাঁকে আমরাও কেউ খুঁজে পাচ্ছি না।’

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ভাস্কর সাহা প্রথম আলোকে বলেন, লিবিয়ায় নিখোঁজ ও মারা যাওয়ার ঘটনায় প্রত্যেক পরিবারের সদস্যকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। তারা অভিযোগ দিলে পুলিশ মামলা নিয়ে আইনগত ব্যবস্থা নেবে। এ ছাড়া অভিযুক্ত কয়েকজন দালালের সন্ধানও তারা পেয়েছেন। তাদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত আছে।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১১ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১২ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে