logo
খবর

শ্রীপুরে আগুনে পুড়ে গেছে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার

সংবাদদাতা, গাজীপুর০৩ এপ্রিল ২০২৫
Copied!
শ্রীপুরে আগুনে পুড়ে গেছে মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার
অগ্নিকাণ্ডে ট্রেনের মাঝামাঝি থাকা পাওয়ার কার বগির জেনারেটর ও অন্য যন্ত্রাংশ পুড়ে যায়। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ঢাকা ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার বগি আগুনে পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাতখামাইর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিকাণ্ডে ট্রেনের মাঝামাঝি থাকা পাওয়ার কার বগির জেনারেটর ও অন্য যন্ত্রাংশ পুড়ে যায়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভায়। পরে বেলা ১টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। এর আগে বেলা ১১টা থেকে ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সাতখামাইর রেলস্টেশনের দক্ষিণ দিকে আউটার সিগন্যাল এলাকায় একটি বগি অন্য বগি থেকে বিচ্ছিন্ন অবস্থায় রাখা। সেটি থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ওই বগির কিছুটা দক্ষিণ দিকে আরও কয়েকটি বগি বিচ্ছিন্ন অবস্থায় রেলপথের ওপর অপেক্ষা করছে। অন্যদিকে উত্তর প্রান্তে সাতখামাইর রেলস্টেশনের প্ল্যাটফর্মের কাছাকাছি এলাকায় অবস্থান করছে লোকোমোটিভ ও অন্য বগিগুলো। সব বগিতে যাত্রী আছে।

পুড়ে যাওয়া বগির ভেতরে গিয়ে দেখা গেছে, সেখানে বিভিন্ন যন্ত্রাংশ থেকে ধোঁয়া বের হচ্ছে। ভেতরে থাকা বড় জেনারেটর, সিলিং ফ্যানসহ সব যন্ত্রাংশ পুড়ে কালো হয়ে গেছে।

ট্রেনের যাত্রী মো. নুরুল ইসলাম বলেন, তিনি আগুন লাগা বগির পেছনের বগির যাত্রী ছিলেন। হঠাৎ গাড়ির ভেতরের ফ্যান ও লাইট বন্ধ হয়ে যায়। এরপর পাশের বগি থেকে চিৎকারের আওয়াজ শুনতে পান। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন একটি বগি থেকে ধোঁয়া বের হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি থেমে যায়। এর মধ্যে ওই বগিতে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। লোকজন এসে আগুন লাগা বগিটিকে অন্য বগি থেকে আলাদা করে দেয়।

আরেক যাত্রী মো. মাজেদুল ইসলাম বলেন, জেনারেটর রুমে আগুন লাগার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। ট্রেন থামার পর প্রায় সব বগি থেকে যাত্রীরা বের হয়ে আসে।

সাতখামাইর এলাকার বাসিন্দা মো. বিল্লাল হোসেন বলেন, মানুষের চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে দেখেন ট্রেনে আগুন জ্বলছে। এরপর তারা স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করে করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি হওয়ায় পুরো নেভানো সম্ভব হয়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মামুন সাংবাদিকদের বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। খুব অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। জেনারেটর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে আরও বিস্তারিত বলা যাবে।’

শ্রীপুর রেলওয়ে স্টেশনমাস্টার মো. সাইদুর রহমান সাংবাদিকদের বলেন, মহুয়া কমিউটার ট্রেনের পাওয়ার কার বগিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় দুই ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বেলা ১টার দিকে ক্ষতিগ্রস্ত পাওয়ার কারটি নিয়ে ট্রেন গন্তব্যে যাত্রা করে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১২ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৩ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে