logo
খবর

লন্ডনে ৭ বছর পর মা-ছেলের আবেগঘন পুনর্মিলন

প্রতিবেদক, বিডিজেন০৮ জানুয়ারি ২০২৫
Copied!
লন্ডনে ৭ বছর পর মা-ছেলের আবেগঘন পুনর্মিলন
বিমানবন্দরে মা খালেদা জিয়াকে জড়িয়ে ধরেন তারেক রহমান। বুধবার (৮ জানুয়ারি ২০২৪) সকালে। ছবি: বিএনপির সৌজন্যে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন।

৭ বছর পর হিথরো বিমানবন্দরে ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হয়েছে খালেদা জিয়ার।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানের দেওয়া তথ্য অনুসারে, বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান। দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে এগিয়ে গিয়ে তাঁকে জড়িয়ে ধরেন ছেলে তারেক ও পুত্রবধূ জুবাইদা। একে অপরের দেখা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মা ও ছেলে উভয়েই।

কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার রাতে ঢাকা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

স্থানীয় সময় সকালে খালেদা জিয়া লন্ডন পৌঁছালে তাঁকে শুভেচ্ছা জানাতে তারেক রহমান ও ডা. জুবাইদার সঙ্গে বিমানবন্দরে আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ হজরত আলী খানসহ বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমদসহ দলটির অনেক নেতাকর্মী। ভারপ্রাপ্ত হাইকমিশনারের পাশাপাশি তারাও খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

২০০৮ সাল থেকে সপরিবারে লন্ডনে বসবাস করছেন তারেক রহমান। কারাবন্দী হওয়ার আগে সবশেষ ২০১৭ সালে লন্ডন সফরে যান বিএনপি চেয়ারপারসন। তখনই শেষবার সরাসরি দেখা হয়েছিল মা-ছেলের।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টা ৪৬ মিনিটে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন খালেদা জিয়া।

এর আগে রাত ৮টা ১২ মিনিটে গুলশানে তাঁর বাসভবন ফিরোজা থেকে রওনা দেন তিনি। তবে এয়ার অ্যাম্বুলেন্সটি নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪৬ মিনিট পর তাঁকে নিয়ে রওনা হয়। 

গুলশানের বাসা থেকে বিমানবন্দরের পথে পুরোটা সময় নেতাকর্মীদের বিদায়ী শুভেচ্ছায় সিক্ত হয়ে রাত ১০টা ৫১ মিনিটে ৮ নম্বর গেট দিয়ে খালেদা জিয়ার মোটর শোভাযাত্রা বিমানবন্দরে পৌঁছায়।

পথে হাজারো নেতাকর্মীর ভিড় পেরিযে বিমানবন্দরে যেতে খালেদা জিয়ার দেড় ঘণ্টার বেশি সময় লেগেছে। তাঁকে বিদায় জানাতে গুলশানসহ বিমানবন্দর সড়কে হাজার হাজার দলীয় নেতাকর্মী জড়ো হয়। লন্ডনে যাওয়ার আগে তাঁকে এক নজর দেখার জন্য সন্ধ্যায় বহু লোক তাঁর বাসার সামনে আসে।

ফিরোজায় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তাঁর স্ত্রী কানিজ ফাতিমা, প্রয়াত ভাই সাঈদ ইস্কান্দারের সহধর্মিনী নাসরিন ইস্কান্দারসহ আত্মীয়-স্বজনেরা বিদায় জানান। দীর্ঘদিন থেকে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে অসুস্থ খালেদা জিয়াকে বিদেশ নিয়ে যেতে কয়েক বছর থেকে চেষ্টা চালাচ্ছিলেন তাঁর পরিবারের সদস্যরা।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের রাজনৈতিক পটপরিবর্তন হলে বিদেশ গিয়ে তাঁর চিকিৎসা নেওয়ার পথ সুগম হয়।

লন্ডনে প্রাথমিক চিকিৎসা শেষে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের জন হপকিনস বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য যাবেন খালেদা জিয়া।

আরও পড়ুন

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১০ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১১ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৪ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৬ দিন আগে