logo
খবর

প্রবাসীদের সম্পৃক্ত করে বিনিয়োগ ও রপ্তানি বাড়াতে হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

প্রতিবেদক, বিডিজেন৩ ঘণ্টা আগে
Copied!
প্রবাসীদের সম্পৃক্ত করে বিনিয়োগ ও রপ্তানি বাড়াতে হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী
‘সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং’–এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা। ছবি: বিডিজেন

বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির জন্য প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) সম্পৃক্ততা বাড়ানো অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

তিনি বলেন, “দেশের প্রধান সম্পদ হচ্ছে কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী। গার্মেন্টস শিল্প মূলত সস্তা শ্রমের ওপর দাঁড়িয়ে আছে, তবে এই জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) ২০৪০-৪৫ সালের পর কমে যেতে পারে। তাই এখনই দক্ষতা বৃদ্ধি ও ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নিতে হবে।”

তিনি আরও বলেন, “বর্তমানে বৈদেশিক মুদ্রার প্রধান উৎস দুটি—রপ্তানি ও প্রবাসী আয়। কিন্তু বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে এই দুই খাতই ঝুঁকির মুখে পড়তে পারে। তাই নতুন শ্রমবাজার খোঁজা, দক্ষ জনবল তৈরি এবং রেমিট্যান্স যেন বৈধ চ্যানেলে আসে তা নিশ্চিত করা জরুরি।”

২০২৬ সালে বছরব্যাপী প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিতব্য ‘সীমানা ছাড়িয়ে বাংলাদেশের ব্র্যান্ডিং’–এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজ রোববার (১২ এপ্রিল) রাজধানী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এই অনুষ্ঠানের আয়োজন করে।

জহির উদ্দিন স্বপন উল্লেখ করেন, ফিলিপাইনের মতো দেশ দক্ষ নার্স ও পেশাজীবী রপ্তানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে। বাংলাদেশও নার্সিংসহ বিভিন্ন খাতে দক্ষ নারী কর্মী তৈরি করে নতুন বাজারে প্রবেশ করতে পারে।

তিনি এনআরবি সংগঠনগুলোর প্রতি সরকারকে গবেষণাভিত্তিক প্রস্তাব ও কৌশলপত্র দিয়ে সহযোগিতা করার আহ্বান এবং নতুন সম্ভাবনাময় দেশ চিহ্নিত করা, বিনিয়োগবান্ধব পরিবেশ তুলে ধরা এবং দক্ষ জনবল তৈরিতে যৌথ উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবির চেয়ারপারসন এম এস সেকিল চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

Inaugural ceremony of 'Branding Bangladesh Beyond Borders' 1

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন প্রবাসী বাংলাদেশিরা। তিনি বলেন, দেশের বিভিন্ন সংকটময় সময়ে—মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলন পর্যন্ত—প্রবাসীরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রেমিট্যান্সের মাধ্যমেও তারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছেন।

তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে গুরুত্ব দিয়ে কাজ করছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলোতে কর্মরত প্রবাসীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় বাংলাদেশি মিশনগুলো ২৪ ঘণ্টা কাজ করছে।

শামা ওবায়েদ বলেন, তৈরি পোশাকের পাশাপাশি ওষুধ শিল্প, পাটজাত পণ্য, টেক্সটাইল এবং নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে প্রবাসীরা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন।

তিনি জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রেড ও ইকোনমিক ডিপ্লোমেসির পাশাপাশি স্পোর্টস ও কালচারাল ডিপ্লোমেসির মাধ্যমে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি জোরদারেও কাজ করছে। আঞ্চলিক সহযোগিতা জোরদার এবং বাণিজ্য সম্প্রসারণের দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে।

তিনি বলেন, সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিশ্বের বুকে বাংলাদেশের একটি শক্তিশালী ও ইতিবাচক ব্র্যান্ড তৈরি করা সম্ভব হবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, “দুই কোটির বেশি প্রবাসী বাংলাদেশি দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রবাসীদের আরও কার্যকরভাবে সম্পৃক্ত করতে হবে।”

তিনি বলেন, “প্রবাসে যাওয়ার ক্ষেত্রে বৈধ প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। বিএমইটি নিবন্ধন না করলে অনেক ক্ষেত্রে ক্ষতিপূরণ ও বীমা সুবিধা পাওয়া যায় না। অবৈধ পথে বিদেশ গমন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং নতুন শ্রমবাজার তৈরিতে বাধা সৃষ্টি করে।”

নুরুল হক নুর জানান, সরকারের লক্ষ্য দেশে ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টি করা। এ জন্য পররাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের সমন্বয়ে ‘মাইগ্রেশন ডিপ্লোমেসি’ জোরদার করা হচ্ছে। রেমিট্যান্স আয়ের বড় অংশ সাধারণ শ্রমনির্ভর কাজ থেকে আসে উল্লেখ করে তিনি বলেন, হোয়াইট-কলার চাকরিতে বাংলাদেশিদের সুযোগ বাড়াতে প্রবাসী ব্যবসায়ী ও পেশাজীবীদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোকে আরও দায়িত্বশীল ও সেবামুখী করতে সরকার কাজ করছে। প্রবাসী শ্রমিকদের আইনি সহায়তা দিতে ইতিমধ্যে কয়েকটি দেশে ল’ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও নেওয়া হয়েছে।

অবৈধ পথে বিদেশ গমন দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং নতুন শ্রমবাজার তৈরিতে বাধা সৃষ্টি করে বলেও তিনি সতর্ক করেন।

নুরুল হক নুর আশা প্রকাশ করেন, প্রবাসী সংগঠন ও গণমাধ্যম সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং সরকার প্রবাসীবান্ধব সেবা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ চালিয়ে যাবে।

আলোচনায় আরও বক্তব্য দেন জাতিসংঘ শান্তি মিশনে বাংলাদেশের সাবেক ফোর্স কমান্ডার মেজর জেনারেল (অব) ফজলে এলাহি আকবর, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ ও পুলিশের সাবেক আইজি আশরাফুর হুদা প্রমুখ।

অনুষ্ঠানে ব্যাংকিং ও করপোরেট খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ২০২৬’ এবং ‘টপ ১০ রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২৬’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ও প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্যাটাগরিতে এই সম্মাননা অর্জন করেছে।

ব্র্যান্ডিংয়ে বিশেষ অবদানের জন্য গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে রূপালী ব্যাংক, সিলভার অ্যাওয়ার্ড অর্জন করেছে ঢাকা ব্যাংক এবং ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যক্তিত্ব এ কে এম নুরুল হক। এ ছাড়া, গ্লোবাল অ্যাওয়ার্ড অর্জন করেছে টিসিবিএল গ্রুপ। এর আগে ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ২০২৫-এ গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছিল ডার্চ-বাংলা ব্যাংক।

রেমিট্যান্স আহরণে বিশেষ সাফল্যের স্বীকৃতি হিসেবে গোল্ড অ্যাওয়ার্ড পেয়েছে ইসলামি ব্যাংক বাংলাদেশ। সিলভার অর্জন করেছে বাংলাদেশ কৃষি ব্যাংক। ব্রোঞ্জ অ্যাওয়ার্ড পেয়েছে অগ্রনী ব্যাংক। এ ছাড়া টপ ১০ রেমিট্যান্স অ্যাওয়ার্ড অর্জনকারী অন্য ব্যাংকগুলো হলো— জনতা ব্যাংক, ব্রাক ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, সিটি ব্যাংক ও ব্যাংক এশিয়া।

ব্যাংকিং খাতে ব্র্যান্ডিং ও বৈদেশিক রেমিট্যান্স সংগ্রহে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এসব পুরস্কার প্রদান করা হয় বলে আয়োজকেরা জানিয়েছেন।

আরও দেখুন

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়ে মাহদী আমিন বলেন, সফরকালে আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার সহজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

৮ ঘণ্টা আগে

লেবাননে ইসরায়েলি হামলা ও বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

লেবাননে ইসরায়েলি হামলা ও বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলা হয়, এসব হামলা এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করছে।

১ দিন আগে

লেবাননে ইসরায়েলি হামলায় এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত

লেবাননে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় বৈরুতের হামরা এলাকায় দিপালীর নিয়োগকর্তার (কফিল) বাড়িতে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালায়। এ সময় ভবনটি ধসে পড়ে। এতে দিপালীর নিয়োগকর্তা ও তার পরিবারের সদস্য এবং দিপালীসহ মোট সাতজন নিহত হন।

২ দিন আগে