logo
খবর

ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই তরুণের মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ মার্চ ২০২৫
Copied!
ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে মাদারীপুরের দুই তরুণের মৃত্যু
ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে নিহত মাদারীপুরের রাজৈরের সুমন হাওলাদার (বাঁয়ে) ও নাসির মাতুব্বর। ছবি: প্রথম আলো

অবৈধভাবে ইতালি যাওয়ার পথে মাদারীপুরের রাজৈরের দুই তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৪ মার্চ লিবিয়ার ভূমধ্যসাগরে নৌকাডুবিতে তাদের মৃত্যু হয়। তবে দুই তরুণের পরিবার মৃত্যুর খবরটি পেয়েছে রোববার (৯ মার্চ) রাতে। ওই দুই তরুণ হলেন মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের চরমস্তফাপুর গ্রামের আবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদার (২২) ও একই উপজেলার শাখারপাড়ের সিদ্দিক মাতুব্বরের ছেলে নাসির মাতুব্বর (৩০)।

খবর প্রথম আলোর।

স্বজনদের সূত্রে জানা যায়, ভাগ্যের চাকা পরিবর্তনের আশায় লিবিয়া হয়ে ইতালি যাওয়ার উদ্দেশ্যে গত ৮ ফেব্রুয়ারি বাড়ি থেকে বের হন চরমস্তফাপুর গ্রামের সুমন হাওলাদার ও শাখারপাড় গ্রামের নাসির। প্রথমে ঢাকা থেকে দুবাই হয়ে তাদের লিবিয়া নিয়ে যায় দালাল চক্র। লিবিয়া পৌঁছে ৪ মার্চ ইঞ্জিনচালিত নৌকায় ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেন ওই দুই তরুণসহ ১০ যুবক। মাঝপথে ভূমধ্যসাগরে নৌকার ইঞ্জিনে আগুন ধরে যায়। আগুন থেকে বাঁচতে অভিবাসনপ্রত্যাশী অনেকেই সাগরে ঝাঁপ দেন। এ সময় সাগরে নিখোঁজ হন সুমন ও নাসির। রোববার রাতে ইতালি ও লিবিয়ায় বসবাসরত স্বজন ও দালালদের মাধ্যমে সুমন ও নাসিরের মৃত্যুর খবর পায় তাদের পরিবার।

সুমনের বাবা আবু হাওলাদার বলেন, ‘সাত দিন ধরে আমার ছেলের কোনো খবর নেই। গতকাল (রোববার) রাতে লিবিয়া থেকে এক দালাল জানিয়েছে যে আমার ছেলে আর নেই। আমরা যে দালাল ধরেছি, সেই দালালের সঙ্গেও কোনো যোগাযোগ নেই। তিনি ফোন ধরেন না। জায়গাজমি বেঁচে ধারদেনা করে ছেলেডারে ইতালি পাঠাইতে গিয়ে সব শেষ হয়ে গেল।’

স্বজনেরা জানান, মানব পাচার চক্রের সদস্য রাজৈরের শাখারপাড়ের আলী মোল্লার ছেলে আরিফ মোল্লা ও নওগাঁ জেলার দিপু নামের এক দালাল ইতালি নেওয়ার কথা বলে সুমন ও নাসিরের পরিবারের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা নেয়। এ বিষয়ে আরিফ মোল্লার বাড়িতে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোন নম্বরটিও বন্ধ। তবে আরিফের এক নিকটাত্মীয় ঘটনার সত্যতা স্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি বলেন, ‘আরিফ এই পর্যন্ত যাদের ইতালি নিছে, কেউ বিপদে পড়েনি। এই প্রথম দুজন নিখোঁজ হলো। শুনেছি, তারা মারা গেছেন।’

অভিযুক্ত আরিফ মোল্লার খালু ও প্রতিবেশী মো. রাশেদ হাওলাদার জানান, আরিফ বর্তমানে লিবিয়ায় আছেন। তাঁর বাবা আলী মোল্লা এ পর্যন্ত ২০ থেকে ২৫ জনকে ইতালি নিয়েছেন। কেউ কোনো অভিযোগ করেননি। আরিফ কিংবা তাঁর বাবা জোর করে কারও কাছ থেকে পাসপোর্ট আর টাকা চান না। বাড়িতে এসে কান্নাকাটি করে মানুষ পাসপোর্ট ও টাকা দিয়ে যান। এ ঘটনায় আরিফ কিংবা তাঁর বাবার কোনো দোষ নেই।

মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী সুজন ভৌমিক জানান, এলাকার মাফিয়া ও দালালেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হলেও মূল হোতারা থাকেন লিবিয়া, ইতালিসহ অন্য জায়গায়। তারা কখনোই গ্রেপ্তার হন না। এ জন্যই এই অপরাধের প্রবণতা কমছে না। মূল হোতাদের আইনের আওতায় আনা হলে মানবপাচার জেলা থেকে কমে যাবে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান বলেন, দুই তরুণের মৃত্যুর বিষয়ে পুলিশের কাছে তথ্য এসেছে। এ বিষয়ে নিহত ব্যক্তিদের পরিবার দালালদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছর অবৈধভাবে ইতালি যাওয়ার পথে মাদারীপুর জেলার অন্তত ১৬ জন মারা গেছেন। এর মধ্যে গত ২৪ জানুয়ারি মৃত্যু হয় রাজৈর উপজেলার ১০ ও সদর উপজেলার ১ তরুণের।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন

ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং মিনিস্টার গোলাম মোর্তোজা গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানিয়েছেন।

৫ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মধ্যপ্রাচ্যে যুদ্ধে নিহত আরেক প্রবাসীর মরদেহ দেশে এসেছে

মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪ জনের লাশ আমরা গ্রহণ করেছি আর একজনের লাশ পরিবারের সম্মতিতে সৌদি আরবেই দাফন করা হয়েছে।

১ দিন আগে

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

লিমন ও বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে আমেরিকান বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সমাবর্তনে ৮ হাজার শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন হবে। সেখানেই লিমন ও বৃষ্টিকে ডক্টরেট ডিগ্রি দেওয়া হবে। বৃষ্টি ও লিমনের স্মরণে অনুষ্ঠানে এক মিনিট নীরবতা পালন করা হবে।

১ দিন আগে