logo
খবর

দেশের মাটিতে হামজার অভিষেক, প্রথম গোল, বাংলাদেশের দারুণ জয়

আন্তর্জাতিক প্রীতি ম্যাচ

প্রতিবেদক, বিডিজেন০৪ জুন ২০২৫
Copied!
দেশের মাটিতে হামজার অভিষেক, প্রথম গোল, বাংলাদেশের দারুণ জয়
দেশের জার্সিতে প্রথম গোলটি করার পর হামজা চৌধুরী

ঠিক ৫৫ মাস পর ঢাকা স্টেডিয়ামে ফুটবল ম্যাচ। আর সেই ম্যাচে খেলছেন হামজা চৌধুরী। ঢাকার ফুটবলপ্রেমীদের জন্য এর চেয়ে দারুণ উদ্‌যাপনের উপলক্ষ আর হয় না। সেই হামজার ছোঁয়াতেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়ে বুধবার (৪ জুন) সন্ধ্যাটা ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় করেছে বাংলাদেশ ফুটবল দল। ম্যাচের ৬ষ্ঠ মিনিটে হামজার দারুণ হেডের গোলে এগিয়ে যাওয়া বাংলাদেশের পক্ষে দ্বিতীয় গোলটি এসেছে সোহেল রানা সিনিয়রের পা থেকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা বুধবার দেশের মাটিতে নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে উজাড় করে দিয়েছেন হামজা। ৬ মিনিটের মাথায় অধিনায়ক জামাল ভূঁইয়ার কর্নার থেকে দারুণ এক হেডে বাংলাদেশের জার্সিতে প্রথম গোলটি পেয়ে যান তিনি। ম্যাচের প্রথমার্ধ খেলে অবশ্য উঠে গেছেন, কিন্তু মাঠে তাঁর উপস্থিতির ৪৫ মিনিটে হামজা ছিলেন বাংলাদেশ দলের অঘোষিত অধিনায়কই।

ভুটানের বিপক্ষে আজ বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে ইতালির সিরি ‘ডি’র ক্লাব অ্যালবিওর বাংলাদেশি বংশোদ্ভুত লেফট উইঙ্গার ফাহমিদুল ইসলাম। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময় পর্যন্ত মাঠে থেকেছেন। ২টি গোলের সুযোগও পেয়েছিলেন। গোল ২টি পেয়ে গেলে ফাহমিদুল বীর হয়ে যেতেই পারতেন। কিন্তু প্রথম ম্যাচ, অল্প বয়স, সবমিলিয়ে ফাহমিদুলের উপস্থিতি অনাগত ভবিষ্যতেরই ইঙ্গিত দিয়েছে।

১০ জুন এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ, ঢাকা স্টেডিয়ামেই। বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা ভুটান ম্যাচকে নিয়েছিলেন সিঙ্গাপুরের প্রস্তুতি হিসেবেই। সে দিক দিয়ে তিনি সফল। দ্বিতীয়ার্ধে ৬ পরিবর্তনে তিনি দলের খোলনলচেই পাল্টে ফেলেন।

ফাহমিদুলের সঙ্গে ভুটানের বিপক্ষে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে আরও দুই ফুটবলারের—রাইট ব্যাক তাজউদ্দিন ও বাংলাদেশ প্রিমিয়ার লিগের দেশি ফুটবলারদের মধ্যে গোলস্কোরার হিসেবে দারুণ সফল আল আমিনের।

প্রথমবারের মতো প্রথম একাদশে নেমেছিলেন শাহ কাজেম কিরমানি। দ্বিতীয়ার্ধে হামজা, জামাল ভূঁইয়া ও শাহ কাজেম কিরমানিকে তুলে নামানো হয় মোহাম্মদ হৃদয়, শেখ মোরছালিন ও মোহাম্মদ ইব্রাহিমকে। ফাহমিদুলের জায়গায় নামেন ফয়সাল আহমেদ ফাহিম, তারিক কাজীর জায়গায় শাকিল আহাদ তপু।

অদল-বদল করে ১৭ ফুটবলারকে পরখ করে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতিটা এগিয়েই রেখেছেন কোচ।

আজ ভোরেই কানাডা থেকে ঢাকায় পা রেখেছেন কানাডা জাতীয় দলে ২ ম্যাচ খেলে এবার বাংলাদেশের জার্সি হাতে নেওয়া কানাডাপ্রবাসী শমিত সোম। মাঠে ছিলেন তিনি আজ দর্শক হিসেবে। যদিও ম্যাচের আগে দলের সঙ্গে হালকা অনুশীলন করেছেন তিনি।

ভুটানের বিপক্ষে ম্যাচে আগাগোড়াই ছিল বাংলাদেশের প্রাধান্য। প্রথমার্ধে হামজার গোলে এগিয়ে গেলেও স্কোরলাইনটা বড় হতেই পারত। জামাল ভূঁইয়া ২টি সুযোগ নষ্ট করেন, সুযোগের সদ্ব্যবহার করতে পারেননি ফাহমিদুলও।

দ্বিতীয়ার্ধেও ৬ বদলের পরও ভুটানের ওপর আধিপত্যই দেখিয়েছে বাংলাদেশ। ম্যাচের ৪৯ মিনিটের সময় সোহেল রানার দারুণ এক শটের গোলে ২-০ তে এগিয়ে যায় দল। বাকিটা সময় ভুটানের অর্ধেই খেলা হয়েছে, গোলের সুযোগও তৈরি হয়েছে। তবে ফরোয়ার্ডদের লক্ষ্যভেদে দুর্বলতা জয়টাকে আরও বড় করতে দেয়নি।

দীর্ঘ ৫ বছর পর ঢাকা স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ম্যাচে দর্শকদের আগ্রহটা বোঝা গেছে। খেলা চলার সময়ই দুই দর্শকের নিরাপত্তা বেষ্টনি ভেদ করে মাঠে প্রবেশ করাটা অবশ্য নিশ্ছদ্র নিরাপত্তার উদাহরণ ছিল না।

স্টেডিয়ামের বাইরের ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন আছে। টিকিট পরীক্ষা করে স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়ায় দেরি হওয়ায় ক্ষুব্ধ দর্শকেরা একটি প্রবেশপথ ভেঙে ফেলেন। সব মিলিয়ে ২০২০ সালের পর ঢাকা স্টেডিয়ামের প্রথম ফুটবল ম্যাচে উৎসবের সঙ্গে ছিল ফুটবলীয় উত্তাপও।

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৩ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৩ দিন আগে