logo
খবর

প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ জুলাই ২০২৫
Copied!
প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ এবং স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে ঐকমত্য হয়েছে: আলী রীয়াজ
রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের চলমান আলোচনার দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনে প্রধানমন্ত্রীর সর্বোচ্চ মেয়াদ ১০ বছর নির্ধারণ এবং একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনের বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তবে রাষ্ট্র পরিচালনার মূলনীতি এবং সংসদে কতটি আসনে সরাসরি ভোটে নারী প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিয়ে এখনো ঐকমত্যে হয়নি।

আজ রোববার (২৭ জুলাই) আলোচনা শেষে কমিশনের সহসভাপতি আলী রীয়াজ সাংবাদিকদের এসব কথা জানান। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি ৩১ জুলাইয়ের মধ্যে যেসব প্রস্তাব অনালোচিত রয়ে গেছে কিংবা আংশিক আলোচনা হয়েছে, সেগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে।’

রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আলোচ্য বিষয় ছিল সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূলনীতি। আলী রীয়াজ জানান, এ বিষয়ে আজ চতুর্থ দিনের মতো আলোচনা হলেও এখনো ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি।

তিনি বলেন, কেউ বলছেন বিদ্যমান চার মূলনীতির সঙ্গে নতুন প্রস্তাব যুক্ত করা হোক, কেউ বলছেন শুধু উল্লেখ থাকুক—ফলে কমিশন এ বিষয়ে সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আরও সময় নিচ্ছে।

দ্বিতীয় আলোচ্য বিষয় ছিল ‘বাংলাদেশ পুলিশ কমিশন’ গঠন। এ বিষয়ে সব রাজনৈতিক দল ও জোটের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে জানিয়ে আলী রীয়াজ বলেন, কমিশনের উদ্দেশ্য হবে পুলিশ বাহিনীর পেশাদারত্ব ও প্রভাবমুক্তভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা, বাহিনীর সদস্যদের উত্থাপিত অভিযোগের নিষ্পত্তি এবং নাগরিকদের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিষ্পত্তি।

আলী রীয়াজ বলেন, ‘এই কমিশন হবে স্বাধীন, ৯ সদস্যবিশিষ্ট এবং এর কাঠামো, দায়িত্ব ও এখতিয়ার আইনের মাধ্যমে নির্ধারিত হবে। কমিশনের চেয়ারম্যান হবেন আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি। সদস্যদের মধ্যে কমপক্ষে দুজন নারী সদস্য থাকবেন।’

কমিশনের সুপারিশ অনুযায়ী, পুলিশের বেআইনি কার্যকলাপের ক্ষেত্রে শাস্তির মাত্রা নির্ধারণ ও বাস্তবায়নের নির্দেশ, বাহিনীর স্বাভাবিক কর্মকাণ্ডে রাজনৈতিক বা প্রভাবশালীদের হস্তক্ষেপ থেকে সুরক্ষা, নাগরিক অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, বেআইনি চাপের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা, পুলিশি আইন ও বিধির সংস্কার এবং প্রয়োজনে বিচার বিভাগীয় তদন্ত পরিচালনার ক্ষমতা কমিশনের থাকবে। কমিশনের সহসভাপতি বলেন, ‘কমিশনের সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাধ্য থাকবে।’

তৃতীয় আলোচ্য বিষয় ছিল প্রধানমন্ত্রী পদে মেয়াদের সীমা। এ বিষয়ে আলী রীয়াজ বলেন, একজন ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এ বিষয়ে রাজনৈতিক দলগুলো সর্বসম্মতভাবে একমত হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে।

আজকের আলোচনার শেষ বিষয় ছিল সংসদে নারীদের প্রতিনিধিত্ব। এ বিষয়ে এখনো ঐকমত্যে পৌঁছানো যায়নি। কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে বিদ্যমান ৫০টি সংরক্ষিত আসন বহাল রেখে সরাসরি নির্বাচনে অংশগ্রহণে রাজনৈতিক দলগুলো যেন অন্তত এক–চতুর্থাংশ কিংবা এক–পঞ্চমাংশ আসনে নারী প্রার্থীদের মনোনয়ন দেয়।

আগামীকাল সোমবার ধারাবাহিক আলোচনা চলবে বলে জানান আলী রীয়াজ। তিনি বলেন, ‘আমাদের দ্রুত একটি সিদ্ধান্ত পৌঁছাতে হবে, এ জন্য ধারাবাহিক আলোচনা চলবে। আজকে রাত ৮টা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আগামীকাল হয়তো আরও দীর্ঘ সময় আলোচনা করব।’

আজকের আলোচনায় অংশ নিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল।

আলোচনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান ও আইয়ুব মিয়া।

আরও পড়ুন

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৩ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৩ দিন আগে