logo
প্রবাসের খবর

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১১ ঘণ্টা আগে
Copied!
রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটিঅ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপে কাজ করছেন এক অগ্নিনির্বাপক কর্মী। ২ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

রাশিয়ার বাহিনী রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক বিমান হামলা চালিয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত এবং তিন ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। হামলায় আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শহরের একটি কেন্দ্রীয় সড়কের হোটেলে আগুন লেগেছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্ভাব্য রাতের হামলার বিষয়ে সতর্ক করেছিলেন। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঘূর্ণায়মান সভাপতির পদে আয়ারল্যান্ডের ছয় মাসের মেয়াদ শুরুর অনুষ্ঠানে যোগ দিতে ডাবলিন সফর সংক্ষিপ্ত করে তিনি দেশে ফিরছেন।

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, হামলায় ৮ জন নিহত হয়েছেন এবং শহরের প্রায় তিন ডজন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাননি।

অন্যদিকে কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো টেলিগ্রামে জানান, আরও ৩৪ জন আহত হয়েছেন। তিনি বলেন, সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি অ্যাপার্টমেন্ট ভবনের প্রথম থেকে ষষ্ঠ তলা ধসে পড়েছে।

রয়টার্সের ভিডিওতে দেখা যায়, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে জরুরি উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে পরিণত হওয়া নয়তলা ভবনের ধ্বংসাবশেষে উদ্ধার অভিযান চালাচ্ছেন।

এর আগে ক্লিচকো জানান, আহতদের মধ্যে অ্যাম্বুলেন্স স্টেশনের প্যারামেডিক ও চালকরাও রয়েছেন। এ ছাড়া, ক্ষতিগ্রস্ত কয়েকটি আবাসিক ভবনের ভেতরে এখনো কিছু মানুষ আটকা পড়ে আছেন।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

রয়টার্সকে এক প্রত্যক্ষদর্শী জানান, কিয়েভে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রাজধানীর আশপাশের অঞ্চলের কর্তৃপক্ষও টেলিগ্রামে জানিয়েছে, সেখানে হতাহতের ঘটনা ঘটেছে।

রাশিয়ার জুনের মাঝামাঝির পর এটিই ইউক্রেনের ওপর সবচেয়ে বড় হামলা। রাতভর ইউক্রেনের অধিকাংশ এলাকায় বিমান হামলার সতর্কতা জারি থাকায় মানুষ শিশু, প্রয়োজনীয় জিনিসপত্র, তাঁবু ও পোষা প্রাণী নিয়ে ভূগর্ভস্থ মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নেন।

জাপান সফররত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, “ইউক্রেনের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহে আর কোনো বিলম্ব করবেন না। কিয়েভে বিভীষিকাময় রাত কাটানোর পর অংশীদার দেশগুলোর কাছে এটাই আমাদের প্রধান আহ্বান।”

এদিকে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য পোল্যান্ড সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে যুদ্ধবিমান মোতায়েন করেছিল। পরে কোনো আকাশসীমা লঙ্ঘনের ঘটনা না ঘটায় সেগুলো ফিরিয়ে নেওয়া হয়।

অন্যদিকে ফিনল্যান্ডও পূর্ব ফিনল্যান্ড উপসাগর এলাকায় সাময়িকভাবে বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছিল। পরে দেশটির প্রতিরক্ষা বাহিনী এক্সে জানায়, সেই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।

পাল্টাপাল্টি হামলার দাবি

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে জানিয়েছে, তাদের ‘বৃহৎ পরিসরের হামলায়’ দূরপাল্লার উচ্চ-নির্ভুলতার আকাশ, স্থল ও সমুদ্রভিত্তিক অস্ত্র এবং ড্রোন ব্যবহার করা হয়েছে। হামলার লক্ষ্য ছিল কিয়েভসহ বিভিন্ন স্থানের সামরিক ও জ্বালানি স্থাপনা এবং বিমানবন্দর।

মন্ত্রণালয়ের দাবি, রাশিয়ার বেসামরিক অবকাঠামোর ওপর ইউক্রেনের হামলার প্রতিশোধ হিসেবেই এই অভিযান চালানো হয়েছে। তবে এ বিষয়ে তারা বিস্তারিত কিছু জানায়নি।

রাশিয়া আরও দাবি করেছে, রাতভর তারা ৩২৭টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এই সংখ্যার মধ্যে রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ভূপাতিত ড্রোনও অন্তর্ভুক্ত রয়েছে।

আরও দেখুন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

১১ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে প্রাইমারি নির্বাচনে ইসরায়েলের কড়া সমালোচক প্রার্থীর চমক

ইথিওপিয়ায় জন্ম নেওয়া সাবেক নিউইয়র্কের আইনজীবী কিরোস ইসরায়েলের কড়া সমালোচক হিসেবে পরিচিত। তার প্রার্থিতা সমর্থন করেছিলেন সিনেটর বার্নি স্যান্ডার্স।

১৩ ঘণ্টা আগে

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

প্রবাসী শ্রমিকদের ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়নের আহ্বান সৌদি কর্তৃপক্ষের

যেসব কর্মী সৌদি আরবে নতুন করে প্রবেশ অথবা কোনো প্রতিষ্ঠানে স্থানান্তরের (ট্রান্সফার) পর ছয় মাসের বেশি সময় পার হলেও তাদের অনুকূলে ওয়ার্ক পারমিট ইস্যু হয়নি, তাদের চলতি ২০২৬ সালের মধ্যেই ওয়ার্ক পারমিট ইস্যু বা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

১ দিন আগে

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রেখে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায়

জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের বিষয়ে ট্রাম্পের নির্বাহী আদেশটি ৬-৩ ভোটে অবৈধ ঘোষণা করা হয়। নিম্ন আদালতের ওই সিদ্ধান্তে ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত করা হয়েছিল।

১ দিন আগে