logo
খবর

নির্বাচন বিলম্বিত করার জন্য কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে: বিএনপি

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ মে ২০২৫
Copied!
নির্বাচন বিলম্বিত করার জন্য কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে: বিএনপি
বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে মঙ্গলবার বিকেলে জরুরি সংবাদ সম্মেলনে দলটির নেতারা। ছবি: প্রথম আলো

জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার জন্য কিছু দৃশ্যপট তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

খবর প্রথম আলোর।

তিনি বলেন, ‘একটা অসিলা হলো, (আওয়ামী লীগের) বিচার শেষ করতে হবে। বিচার তো আমরাও চাই। এই আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের সময়ে আমাদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এমন কিছু নেই, যা তারা করেনি। এর পরও কেন প্রশ্ন আসে, আমরা তাদের বিচার চাইব না?’

আজ মঙ্গলবার (২৭ মে) বিকেলে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খন্দকার মোশাররফ হোসেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি।

স্বাধীন বিচারব্যবস্থার মাধ্যমে আওয়ামী লীগের বিচার হতে হবে বলে উল্লেখ করেন খন্দকার মোশাররফ হোসেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্বাধীন বিচার চাইব, আবার নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিচার শেষ করার কথা বলব—দুটি তো সাংঘর্ষিক। সে জন্য আমরা বলছি, সংস্কার, নির্বাচন এবং বিচারের প্রক্রিয়া সম্পূর্ণ আলাদা। তিনটি কাজই একসঙ্গে চলতে পারে এবং চলা উচিত।’

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের নেতাদের বৈঠকের পরও সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট ঘোষণা না আসায় হতাশা প্রকাশ করেন বিএনপির নেতারা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ (পথনকশা) ঘোষণার দাবি জানান তারা।

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের বিষয়টি তুলে ধরে বিএনপি নেতা খন্দকার মোশাররফ বলেন, ‘সরকারের কাছে নির্বাচন বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া আশা করেছিলাম। সেটি হয়নি।’

বিএনপির এই নেতা বলেন, ‘আমরা আগেও বলেছি, নির্বাচনের জন্য ডিসেম্বর মাস উপযুক্ত সময়, এখনো সেই কথার ওপরই আছি।’এর ব্যাখ্যায় তিনি বলেন, ডিসেম্বরের পরে ফেব্রুয়ারিতে রোজা চলে আসবে। এরপর আসবে বর্ষা। এসএসসি ও এইচএসসির মতো বড় পাবলিক পরীক্ষাগুলো আছে। সে জন্য সেটি নির্বাচনের উপযুক্ত সময় নয়।

বাধ্যবাধকতা থাকায় একটি নির্বাচন জুনে হলেও বাকি সব নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারিতে হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এ সময় দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না এলে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে বলে সতর্ক করা হয়। একই সঙ্গে দলটি বলে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের পর উপদেষ্টা পরিষদের এক বিবৃতিতে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। মূলত সরকার পরিচালনায় নিরপেক্ষতার ঘাটতি ও দুর্বলতা থাকায় জনমনে সংশয় দেখা দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৩ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৪ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে