logo
সুপ্রবাস

এআই যুগে শ্রমিক অধিকার রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান শিমুল বিশ্বাস এমপির

সহিদুল আলম  স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড
সহিদুল আলম স্বপন, জেনেভা, সুইজারল্যান্ড১৩ জুন ২০২৬
Copied!
এআই যুগে শ্রমিক অধিকার রক্ষায় বিশ্বকে এক হওয়ার আহ্বান শিমুল বিশ্বাস এমপির

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ বিশ্ব অর্থনীতি ও শ্রমবাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এর ফলে সৃষ্ট চ্যালেঞ্জ মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন শ্রমিক নেতা ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

তিনি এআই যুগে শ্রমিক অধিকার সুরক্ষা, দক্ষতা উন্নয়ন, অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা এবং ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন।

সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ দপ্তরের টেম্পাস হলে অনুষ্ঠিত আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে বাংলাদেশের শ্রমিক প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন। গত ৮ জুন স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার, শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিদের সামনে তিনি বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রত্যাশা ও উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেন।

বক্তব্যের শুরুতে শিমুল বিশ্বাস আইএলও মহাপরিচালকের সময়োপযোগী ও দূরদর্শী প্রতিবেদনের প্রশংসা এবং ন্যায়বিচার, মর্যাদা, সমতা ও সবার জন্য শোভন কাজ নিশ্চিত করার ক্ষেত্রে আইএলওর মূলনীতি ও আদর্শের প্রতি বাংলাদেশের শ্রমিক সমাজের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এর ধারাবাহিকতায় অনুষ্ঠিত ২০২৬ সালের জাতীয় নির্বাচনে একজন শ্রমিক নেতা হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়া শ্রমজীবী মানুষের প্রতি জনগণের আস্থা ও স্বীকৃতির প্রতিফলন।

শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা এবং সম্মিলিত দরকষাকষির অধিকারকে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করা ছাড়া ন্যায়ভিত্তিক ও টেকসই উন্নয়ন সম্ভব নয়।

কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রযুক্তির অগ্রগতি নতুন সম্ভাবনা সৃষ্টি করলেও উন্নয়নশীল দেশগুলোর জন্য তা নতুন ধরনের ঝুঁকিও তৈরি করছে। বিশেষ করে নারী কর্মসংস্থান হ্রাস, যুব বেকারত্ব বৃদ্ধি এবং অভিবাসী শ্রমিকদের অনিশ্চয়তা বাড়ার বিষয়টি উদ্বেগজনক।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রায় ৭ কোটি ৩৫ লাখ কর্মশক্তি এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রায় ১ কোটি ৩০ লাখ অভিবাসী শ্রমিকের ভবিষ্যৎ সুরক্ষায় দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

এ প্রেক্ষাপটে তিনি দক্ষতা, প্রযুক্তি ও জ্ঞান বিনিময়ভিত্তিক একটি বৈশ্বিক কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন, যাতে উন্নয়নশীল দেশগুলোও প্রযুক্তিগত পরিবর্তনের সুফল সমভাবে ভোগ করতে পারে। তিনি ডিজিটাল বৈষম্য দূর করা, এআই প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করা এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর জোর দেন।

International Labor Conference 2

বক্তব্যে তিনি দৃঢ়ভাবে বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা কখনোই এমনভাবে ব্যবহার করা উচিত নয়, যা মানব মর্যাদা ক্ষুণ্ন করে বা সামাজিক বৈষম্য বাড়িয়ে দেয়।” এই চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সংহতি ও কার্যকর বৈশ্বিক সহযোগিতার কোনো বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

প্ল্যাটফর্মভিত্তিক অর্থনীতিতে কর্মরত শ্রমিকদের অধিকার ও সুরক্ষার প্রসঙ্গ তুলে ধরে শিমুল বিশ্বাস আইএলওর প্রস্তাবিত ‘প্ল্যাটফর্ম অর্থনীতিতে শোভন কাজ’ বিষয়ক কনভেনশনকে স্বাগত জানান। পাশাপাশি অভিবাসী শ্রমিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে শ্রমগ্রহণকারী ও শ্রমপ্রেরণকারী দেশগুলোর মধ্যে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

বাংলাদেশের অগ্রগতির চিত্র তুলে ধরে তিনি জানান, দেশটি সম্প্রতি দুটি মৌলিক কনভেনশনসহ আইএলওর তিনটি গুরুত্বপূর্ণ কনভেনশন অনুমোদন করেছে। একই সঙ্গে শ্রম আইন সংস্কার, সামাজিক নিরাপত্তা জোরদার, শ্রমিকদের প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ বৃদ্ধি এবং সামাজিক সংলাপ শক্তিশালী করার উদ্যোগও অব্যাহত রয়েছে।

বক্তব্যের শেষাংশে তিনি সরকার, মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সমন্বয়ে ত্রিপক্ষীয় সহযোগিতার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, ন্যায়সঙ্গত ও টেকসই কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বিশ্বের সকল শ্রমিকের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবিষয়ক এই সম্মেলনে শামছুর রহমান শিমুল বিশ্বাসের বক্তব্য শ্রমিক অধিকার, প্রযুক্তিগত পরিবর্তনের প্রভাব এবং অভিবাসী শ্রমিকদের সুরক্ষার প্রশ্নে বাংলাদেশের অবস্থানকে আন্তর্জাতিক পরিসরে শক্তিশালীভাবে তুলে ধরেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তার বক্তব্যে ভবিষ্যতের শ্রমবাজারকে আরও মানবিক, ন্যায়ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক করার প্রয়োজনীয়তার বার্তাই স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

আরও দেখুন

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে পুলিশের ডিআইজি ইকবালের মতবিনিময়

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

১১ জুলাই ২০২৬

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

ওআইসির নারীবিষয়ক সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।

১১ জুলাই ২০২৬

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ডালাসে হুমায়ূন আহমেদের ‘জ্বীন কফিল’ মঞ্চায়ন, দর্শকদের ব্যাপক সাড়া

ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।

০৫ জুলাই ২০২৬

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

আঙ্কারায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে পরামর্শমূলক বৈঠক

পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।

০৪ জুলাই ২০২৬