logo
প্রবাসের খবর

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ এপ্রিল ২০২৫
Copied!
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন ট্রাম্পসহ বিশ্বনেতারা
সেন্ট পিটার্স স্কয়ারে পোপের মরদেহ আনা হচ্ছে। ছবি: এএফপি

বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং হাজারো শোকাহত মানুষের উপস্থিতিতে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শুরু হয়েছে। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কয়ারে এ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপির।

সেন্ট পিটার্স স্কয়ারে সমবেত ভক্তরা পিনপতন নীরবতায় অপেক্ষা করছিলেন। ভ্যাটিকানের স্থানীয় সময় আজ শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টা (বাংলাদেশ সময় বেলা ২টা) বাজার পরপরই শোভাযাত্রার মধ্য দিয়ে পোপ ফ্রান্সিসের কফিন নিয়ে আসা হয়। উপস্থিত জনতা তখন নীরবতা ভেঙে করতালি দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ বিশ্বনেতাদের অনেকে অন্ত্যেষ্টিক্রিয়ায় শামিল হয়েছেন।

আর্জেন্টিনার বংশোদ্ভূত পোপ ফ্রান্সিস গত সোমবার (২১ এপ্রিল) ৮৮ বছর বয়সে মারা যান। তিনি ১২ বছর ধরে পোপের দায়িত্ব পালন করেছেন। এ সময় গির্জাকে আরও অন্তর্ভুক্তিমূলক পথে পরিচালিত করার লক্ষ্যে কাজ করেছেন ফ্রান্সিস।

শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য পোপের মরদেহবাহী কফিনটি ৩ দিন ধরে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় রাখা হয়েছিল। এ সময় ২ লাখ ৫০ হাজারের মতো মানুষ শ্রদ্ধা জানিয়েছেন।

৫০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান অতিথির তালিকায় রয়েছেন। অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানকে ঘিরে ইতালি ও ভ্যাটিকান সিটির কর্তৃপক্ষ বড় ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। অনুষ্ঠানস্থলে নো-ফ্লাই জোন ঘোষণা করা হয়েছে, যুদ্ধবিমান প্রস্তুত রাখা হয়েছে এবং ছোট নগররাষ্ট্রটির বিভিন্ন ভবনের ছাদে স্নাইপার মোতায়েন করা হয়েছে।

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার মধ্য দিয়ে ভ্যাটিকানের ৯ দিনের আনুষ্ঠানিক শোককাল শুরু হয়েছে। শোককাল শেষে বিশ্বের ১৪০ কোটি ক্যাথলিক খ্রিষ্টানদের জন্য নতুন নেতা নির্বাচন করতে কার্ডিনালরা গোপন সমাবেশ (কনক্লেভ) করবেন।

পোপ ফ্রান্সিসের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের কারণে ধর্মীয় রক্ষণশীলদের অনেকে তাঁর প্রতি ক্ষুব্ধ ছিলেন। অভিবাসীদের প্রতি অন্যায় আচরণ ও জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির বিরুদ্ধে তাঁর সোচ্চার ভূমিকা অনেক বিশ্বনেতাকেও অস্বস্তিতে ফেলেছিল। এরপরও ফ্রান্সিস তাঁর সহানুভূতি ও ব্যক্তিত্বের মাধুর্য দিয়ে অনেকের ভালোবাসা ও সম্মান অর্জন করেছেন।

অভিবাসীদের গণহারে বিতাড়িত করার কারণে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনও পোপের রোষের মুখে পড়েছিল। তবে পোপের প্রতি শ্রদ্ধা জানাতে ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া গতকাল শুক্রবার রাতে ভ্যাটিকানে পৌঁছান। ট্রাম্প পোপকে একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, ‘তিনি বিশ্বকে ভালোবাসতেন।’

প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটি তাঁর প্রথম বিদেশ সফর। তিনি এখানে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে যোগ দিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আশা প্রকাশ করেছেন, ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক হবে। এ বিষয়ে জ্যেষ্ঠ একজন কর্মকর্তা এএফপিকে বলেন, ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে বৈঠক হতে পারে। ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসে বৈঠকে দুই নেতার মধ্যে হট্টগোলের পর এটি হবে তাঁদের প্রথম বৈঠক।

আরও দেখুন

হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় ইরানিদের

হামলার ঝুঁকির মধ্যেই খোলা আকাশের নিচে ঈদের নামাজ আদায় ইরানিদের

আমেরিকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য বিমান হামলার ঝুঁকি উপেক্ষা করেই রাজধানী তেহরানে খোলা আকাশের নিচে ঈদের নামাজে শামিল হন হাজার–হাজার নারী-পুরুষ।

২ দিন আগে

যুদ্ধের আতঙ্কে ইরানে উৎসবের রং ম্লান

যুদ্ধের আতঙ্কে ইরানে উৎসবের রং ম্লান

নওরোজের আগে গত ১৮ মার্চ রাতে ইরানিরা সাধারণত রাস্তায় নেমে অগ্নিকুণ্ড জ্বালিয়ে যে ঐতিহ্যবাহী উৎসব পালন করে, এবার তার কিছুই চোখে পড়েনি।

২ দিন আগে

মধ্যপ্রাচ্যে বিষণ্ন ঈদ

মধ্যপ্রাচ্যে বিষণ্ন ঈদ

উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও বোমাবর্ষণের আতঙ্ক উৎসবের আমেজকে ফিকে করে দিয়েছে। দীর্ঘদিন ধরে নিরাপদ মনে করা এই দেশগুলো এখন তেহরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

৩ দিন আগে

অস্ট্রেলিয়া ও তুরস্কে ঈদ ২০ মার্চ, সিঙ্গাপুরে ২১ মার্চ

অস্ট্রেলিয়া ও তুরস্কে ঈদ ২০ মার্চ, সিঙ্গাপুরে ২১ মার্চ

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইমাম কাউন্সিল ও ফতোয়া কাউন্সিল জানিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক মানমন্দিরের সঙ্গে পরামর্শ এবং চাঁদের অবস্থান ও দৃশ্যমানতা সংক্রান্ত গাণিতিক হিসাব পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৪ দিন আগে