logo
প্রবাসের খবর

আবুধাবিতে মাছ শিকারে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী বাংলাদেশি নিহত

মাহবুব সরকার, আবুধাবি থেকে২৭ অক্টোবর ২০২৫
Copied!
আবুধাবিতে মাছ শিকারে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে মাছ ধরতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ২ প্রবাসী বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে আবুধাবি-সিলা মহাসড়কে, বর্তমান খলিফা বিন জায়েদ রোডের ১১ নম্বর এক্সিটের আগে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন নোয়াখালীর সেনবাগ উপজেলার আমির হোসেন রুবেল (৪২) ও সিলেটের বিছানাকান্দি এলাকার নাসির উদ্দিন (৪৮)। আহত ব্যক্তি চট্টগ্রামের মিরসরাই উপজেলার মোহাম্মদ মোক্তার আলী (৩৫)।

আহত মোক্তার আলী জানান, সেদিন ভোরে তিনি তার বন্ধু নাসির উদ্দিনকে নিয়ে আবুধাবি শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের হামিম এলাকায় মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথে গাড়ির যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি সেটি রাস্তার পাশে থামিয়ে সহযোগিতার জন্য বন্ধু আমির হোসেন রুবেলকে ফোন করেন।

রুবেল ঘটনাস্থলে পৌঁছে গাড়ির কুল্যান্টে পানি ঢালতে যান এবং মোক্তারকে ইঞ্জিন চালু করতে বলেন। এ সময় রুবেল ও নাসির দুই গাড়ির মাঝখানে অবস্থান করছিলেন। ঠিক তখনই পেছন দিক থেকে ৬ চাকার একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়ি দুটিকে আঘাত করে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। ধাক্কায় ৩টি গাড়িতেই আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই রুবেল দগ্ধ হয়ে ও নাসির মাথায় আঘাত পেয়ে মারা যান। তবে মোক্তার আলী ঘাড় ও পায়ে আঘাত পেয়েও প্রাণে বেঁচে যান। পরে তাকে আবুধাবির মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দুই নিহতের লাশ বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে।

নিহত রুবেল ও নাসির দীর্ঘদিন ধরে আবুধাবিতে আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। রুবেল ছিলেন ১৮ বছর ধরে প্রবাসে, আর নাসির ১৭ বছর ধরে। রুবেলের ১২ ও ১ বছরের দুই ছেলে এবং ৭ বছরের এক মেয়ে রয়েছে। নাসিরের রয়েছে ১১ বছরের এক মেয়ে ও ৫ বছরের এক ছেলে।

ঘটনার পর পুলিশ ট্রাকটি ও তার চালককে আটক করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক ঘুমের মধ্যে থাকায় দুর্ঘটনাটি ঘটে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে নিহতদের লাশ দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান মোক্তার আলী।

আরও দেখুন

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ‘কমিউনিজম’ ইস্যু কেন জোরদার করছেন ট্রাম্প?

রয়টার্সের বিশ্লেষণে দেখা যায়, ২৩ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে ট্রাম্প তার প্রকাশ্য বক্তব্যে ৮১ বার ‘কমিউনিজম’ শব্দটি ব্যবহার করেছেন।

১১ জুলাই ২০২৬

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

জার্মানিতে কট্টর ডানপন্থী দলের বিরুদ্ধে বিক্ষোভে হাজারো মানুষের অংশগ্রহণ

দলটির সমালোচকদের অভিযোগ, এএফডি বর্ণবাদী নীতি ও মনোভাবকে উৎসাহিত করে, যা জার্মানির গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এবং দেশের সাংবিধানিক ব্যবস্থার জন্য হুমকি হতে পারে।

০৪ জুলাই ২০২৬

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

রাশিয়ার বিমান হামলায় কিয়েভে ৮ জন নিহত, আহত কয়েক ডজন

সামাজিক মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থল শেভচেঙ্কো বুলেভার্ডের একটি ভবনের ওপরের অংশে নিয়ন্ত্রণহীন আগুন জ্বলছে। অন্যদিকে শহরের বিভিন্ন এলাকায় ভবনের জানালা উড়ে গেছে এবং বহু গাড়ি ধ্বংস হয়েছে।

০২ জুলাই ২০২৬